Daily Super Bangla Logo


ঢাকা টেস্ট: খেলবেন না মুস্তাফিজ!

২১ মে ২০২২, ২:০০ অপরাহ্ণ

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন মুস্তাফিজুর রহমান! একের পর এক ইনজুরির কারণে বাংলাদেশের পেস আক্রমণ এখন সংকটে পড়ে গেছে। তাসকিনের পর ছিটকে গেছেন শরীফুল। তাই বিসিবি চেয়েছিল আসন্ন ঢাকা টেস্টে মুস্তাফিজুর রহমানকে খেলাতে।

কিন্তু টানা ক্রিকেটের মাঝে থাকায় এখন টেস্ট ক্রিকেট খেলতে চান না মুস্তাফিজ। আজ শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তাকে (মুস্তাফিজ) আমরা জানিয়েছি আমাদের তাকে দরকার। যেহেতু আমাদের দুজন মূল পেসার নেই, সে থাকলে আমাদের জন্য ভালো হয়। সে বলছে, যেহেতু সে অনেক দিন এই সংস্করণে নেই, তাই তার জন্য এখনই টেস্ট খেলা কঠিন। আর আপনারা কালকের মধ্যে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত জানতে পারবেন। ‘দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষে সরাসরি আইপিএল খেলতে ভারতে যান মুস্তাফিজুর রহমান। এর পর থেকেই তাকে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে।  আইপিএল শেষ হবে ২৯ মে।  জালাল ইউনুস আরো বলেন, ‘তার (মুস্তাফিজ) যুক্তি হলো, সে ওখানে (ভারত) আছে দুই মাস ধরে। বলেছে লম্বা একটা সময় চলে যাচ্ছে। ফিজিক্যালি সে হয়তো বলতে পারে ফিট না। যাহোক, আমরা বলেছি তুমি আসো, দেখা যাক কী করা যায়। ‘

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ