Daily Super Bangla Logo


কৌতুক অভিনেতা আহসান আলী মারা গেছেন

২২ মে ২০২২, ১:৪৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের ‘ভাদাইমাখ্যাত’ কৌতুক অভিনেতা আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (২২ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহসান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্যালক জজ আলী। আহসান আলী দুই স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের বাসিন্দা ছিলেন।

জজ আলী জানান, দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এ ছাড়া তার লিভারেও পানি জমা ছিল। রবিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে থেকে পরে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান আহসান আলী।

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, লাশ হাসপাতালে আছে। বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

মরহুমের পারিবার সূত্র জানা গেছে, আহসান আলী একসময় কৃষিকাজ করে সংসার চালাতেন। প্রায় দুই বছর আগে তিনি কৌতুক অভিনয় শুরু করেন। ২০ বছর আগে ক্যাসেটের মাধ্যমে তিনি ‘ভাদাইমা’ হিসেবে পরিচিতি লাভ করেন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ