Daily Super Bangla Logo


সিলেট থেকে হজে যাচ্ছেন সবচেয়ে বেশি

২৫ মে ২০২২, ৫:৩৮ অপরাহ্ণ

ইসলামের পাঁচটি স্তম্ভ বা রুকনের একটি হচ্ছে পবিত্র হজ। ইতিমধ্যে হজের জন্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বছর হজ যাত্রায় বৃহত্তর সিলেটের সিলেট জেলায় হজযাত্রীর নিবন্ধন সংখ্যা সবচেয়ে বেশি। অন্যদিকে মৌলভিবাজার জেলায় সবচেয়ে কম হজযাত্রী নিবন্ধন করেছেন।

সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি হজযাত্রী নিবন্ধিত হয়েছেন ঢাকা জেলায়। সবচেয়ে কম হজযাত্রী নিবন্ধিত হয়েছেন পার্বত্য জেলা বান্দরবানে।

গত ২৩ মে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় ৪৮৩জন,মৌলভীবাজারে ১২৫, হবিগঞ্জে ৩১৬, সুনামগঞ্জে ১৪৬ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

এ বছর হজে যেতে ঢাকা থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১১ হাজার ১৬ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। বান্দরবান থেকে নিবন্ধিত হয়েছেন ৩৬ জন।

করোনাভাইরাস মহামারির কারণে সৌদি সরকারের বিধিনিষেধের মুখে গত দু’বছর বাংলাদেশ থেকে কেউ হজ পালন করতে সৌদি আরবে যেতে পারেননি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

আগামী ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ অংশে সৌদি আরবের কিছু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ