ঈদের ছুটি শেষে ফের ব্যস্ত ব্যাংকাররা

;
  • প্রকাশিত: ৫ মে ২০২২, ৭:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হয়েছে বুধবার। বৃহস্পতিবার (৫ মে) থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। সেই সঙ্গে খুলেছে ব্যাংক আর শেয়ারবাজারও। যথারীতি আগের নিয়মে ফিরেছে এসব আর্থিক প্রতিষ্ঠানের কাজকর্ম। ব্যাংকগুলোতে সকাল থেকে গ্রাহকদের আনাগোনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যাংকাররা। তবে বেলা গড়ানোর সাথে সাথে গ্রাহকদের আনাগোনা কমবে বলে জানালেন তারা।

এর আগে ঈদের ছুটি শেষে কাজে ফিরে শুভেচ্ছা বিনিময় পর্ব সেরেছেন ব্যাংকাররা। অনেকে আজ ঐচ্ছিক ছুটি নিয়ে রেখেছেন বলে সকল কর্মরতরা অফিসে যোগ দেননি। প্রয়োজনীয় জনবল দিয়েই চলছে ব্যাংকিং কার্যক্রম।

এছাড়া কয়েকটি ব্যাংক ঈদ উপলক্ষে ছোট পরিসরে নানা আয়োজন করেছে। গ্রাহকদের মিষ্টিমুখ করাচ্ছেন তারা।

আজ বৃহস্পতিবার থেকে পূর্ণদিবস অর্থাৎ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

যদিও রমজান মাস উপলক্ষে রোজাদারদের কথা মাথায় রেখে ব্যাংক লেনদেন ও খোলা রাখার সময়সূচির কিছুটা পরিবর্তন করা হয়েছিল। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চালু ছিল ব্যাংকের কার্যক্রম। অন্যদিকে, অফিসের সময় দুই ঘণ্টা কমিয়ে বিকাল ৪টা পর্যন্ত করা হয়।

মঙ্গলবার (৩ মে) সারা দেশে পালিত হয় পবিত্র ঈদুল ফিতর। বুধবার ঈদের ছুটি শেষ হলেও অনেকে বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে আগামী রবিবার থেকে পুরোপুরি চালু হবে ব্যাংকিং কার্যক্রম।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি