চীন ভারত সীমান্তে ফের সক্রিয়তা বাড়াল

;
  • প্রকাশিত: ১৯ মে ২০২২, ১০:১১ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

ভারত সীমান্তের কাছে আবার সক্রিয়তা বাড়িয়েছে চীনা সেনা। তেমনই ইঙ্গিত মিলেছে কৃত্রিম উপগ্রহ চিত্রে।

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকা লিখেছে, প্যাংগং লেকের কাছে আবার একটি সেতু তৈরির কাজ শুরু করেছে চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।

তবে আগেরটির চেয়ে এ সেতুটি আরো বড়।

বিশেষজ্ঞদের ধারণা, সাঁজোয়া গাড়ি বা অন্য ভারী সামরিক যান পারাপারের জন্যই সেতুটি তৈরি করা হচ্ছে।

প্রায় ১৩৫ কিলোমিটারের প্যাংগং লেকের কিছু অংশ লাদাখে আর বাকিটা চীনের তিব্বতে। ২০২০ সালের মে মাস থেকে ভারত এবং চীনা সেনাদের সংঘর্ষ  ঘটেছে ওই অঞ্চলে। সেখানে চীনের তরফে এই নতুন সেতু তৈরির খবর ছড়াতেই উদ্বেগ ছড়িয়েছে।

সেতুটি তৈরির কথা তুলে ধরে এদিন মোদি সরকারের সমালোচনায় মুখর হন কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা। তাঁর টুইট, “প্যাংগং লেকের ওপর চীনের দ্বিতীয় সেতু তৈরি ‘জাতীয় নিরাপত্তার’ অমার্জনীয় লঙ্ঘন! চীনের এমন গুরুতর উসকানির মুখে মোদি সরকারের নম্র আত্মসমর্পণ অত্যন্ত আতঙ্কের। কার্যত এটি শেষ পেরেক। প্রধানমন্ত্রী এবং বাকি মন্ত্রীরা কি এবার জাগবেন এবং কিছু বলবেন?”

প্যাংগং লেক-সংলগ্ন এলাকার যে অংশটি তাদের দখলে, সেখানে এর আগেও একটি সেতু তৈরি করেছে চীন। ২০২১ সালের শেষের দিকে তা নির্মাণের কাজ শুরু হয়েছিল। এর কাজ শেষ হয়েছে গত এপ্রিল মাস নাগাদ। প্রথম সেতুটির ঠিক পাশেই তৈরি হচ্ছে অনেক বড় এই দ্বিতীয় সেতুটি।

মনে করা হচ্ছে, নতুন সেতুটি নির্মাণের কাজে ক্রেন বা অন্যান্য নির্মাণ সরঞ্জাম আনা-নেওয়ার জন্যই ব্যবহৃত হতে পারে প্রথমটি। প্রায় সপ্তাহ তিনেক আগে দ্বিতীয় সেতুটি তৈরির কাজে হাত দিয়েছে চীন।

সূত্র : আনন্দবাজার।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি