মধ্যপ্রাচ্যসহ ইউরোপে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

;
  • প্রকাশিত: ২ মে ২০২২, ৯:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

আজ স্থানীয় সময় সোমবার সকালে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সম্মানিত স্থান মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস মহামারির দুই বছর পর অনুষ্ঠিত ঈদের নামাজে মুসল্লিদের প্রচণ্ড ভিড় ছিল।

রমজান মাসের ৩০ রোজার পর মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ঈদের নামাজ হয়।

মক্কার গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজের ইমাম ছিলেন শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। মসজিদুল হারামে ঈদের জামাতে অংশ নিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানসহ দেশটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।

এদিকে মদিনার পবিত্র মসজিদে নববিতে ঈদের নামাজের ইমামতি করেন শেখ আলি হুজাইফি। তাতে মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ ও ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন খালিদ আল ফয়সাল ঈদের জামাতে অংশ নেন।

ইন্দোনেশিয়ায় রাজধানী জাকার্তায় রমজান শেষে সোমবার ঈদুল ফিতরের নামাজ আদায়ে জড়ো হন হাজার হাজার মুসল্লি। দেশটির মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় হয়। নতুন জামা আর হাতে রঙ-বেরঙের বেলুন নিয়ে ঘুরতে দেখা যায় শিশুদের।

কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, মরক্কো, মাস্কাট, ইয়েমেন, সুদান, মিসর, তিউনিসিয়া, সিরিয়া, ইরাকেও আজ ঈদ উদযাপিত হচ্ছে।

অস্ট্রেলিয়ার সিডনিতে ঈদের নামাজ আদায় করেছেন অনেকে। ল্যাকাম্বার মসজিদে জমায়েত হন মুসল্লিরা। সোমবার, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাতেও ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

প্রতিবারের মতো এবারও মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
সূত্র: আরব নিউজ।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি