সব
এবার পূর্ণ আনন্দে ঈদ কাটানোর প্রস্তুতি নিয়েছিলেন সিলেটবাসী। কিন্তু তাতে বাঁধ সেধেছিল বৃষ্টি। তবে বৃষ্টির বাধাকে পাশ কাটিয়ে নগরবাসী ভিড় জমিয়েছেন প্রাকৃতিক স্পটসহ নানা পর্যটনকেন্দ্রে।
এর আগে মুসলিমের প্রধান পবিত্র উৎসবের এই দিনে সিলেটে বাগড়া দিতে পারে বৃষ্টি- এমন পূর্বাভাসই দেয় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সত্যি করে সিলেটে ঈদ আনন্দে বাগড়া দিচ্ছে বৃষ্টি। সকালে ঈদুল ফিতরের নামাজের জামাতের সময় গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বেলা ১১টার দিকে নগরীসহ বিভিন্নস্থানে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামে। তবে বিকেলের দিকে বৃষ্টির ধারায় বিরতি আসলে ঘর থেকে বের হতে থাকেন মানুষ।
আত্মীয়-স্বজনের বাসায় বেড়ানোসহ মানুষ ছুটতে থাকতে পর্যটনকেন্দ্রসমূহে। বিকেলে সিলেট নগরীর আশপাশের চা বাগানে ছিল উপচেপড়া ভিড়। শিশুসহ নানাবয়সী মানুষে লোকারণ্য হয়ে পড়ে পার্কগুলো।
বিশেষ করে, লাক্কাতুড়া চা বাগান, মালনীছড়া চা বাগান, ওসমানী শিশু উদ্যান, আলমপুরস্থ জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক, জল্লারপাড়স্থ ওয়াকওয়ে, ক্বিন ব্রিজ, কাজিরবাজার ব্রিজ, বিমানবন্দর সড়ক, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে মানুষের আনাগোনা চোখে পড়ার মতো। রাত অবধি মানুষের এই আনাগোনা চলবে।
ঈদের পরদিন থেকে দেশের বিভিন্নস্থান থেকে পর্যটকদের ঢল নামবে সিলেটে। ঈদের লম্বা ছুটি উপভোগে দেশের বিভিন্নস্থানের লোকজন ইতোমধ্যে সিলেটের হোটেল, মোটেল, রিসোর্ট বুকিং দিয়ে রেখেছে। যে কারণে কাল বুধবার (৪ মে) থেকে সিলেটের জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, ভোলাগঞ্জ সাদাপাথরসহ নানান পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল নামতে পারে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি