সিলেটে বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা

;
  • প্রকাশিত: ১৯ মে ২০২২, ৫:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটে বন্যায় প্লাবিত হয়েছে নগরসহ ১১টি উপজেলা। নগরসহ বিভিন্ন উপজেলার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় সাড়ে ১১ লাখ গ্রাহকের মধ্যে দেড় লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ এবং সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২–এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুটি উপকেন্দ্র ও পল্লী বিদ্যুৎ সমিতির দুটি উপকেন্দ্রে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে চারটি উপকেন্দ্রের গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী আবদুল কাদির বলেন, ‘আমাদের দুটি উপকেন্দ্রে বন্যার পানির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর মধ্যে একটি উপকেন্দ্র সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বরইকান্দি এলাকার উপকেন্দ্রটির গ্রাহকসংখ্যা ৪২ হাজার। উপকেন্দ্রের যন্ত্রপাতি রক্ষা করার জন্য পানির পাম্প দিয়ে পানি সেচ দেওয়া হচ্ছে। এ ছাড়া শাহজালাল উপশহর এলাকার উপকেন্দ্র এলাকায় জলাবদ্ধতা থাকলেও সেটি ঝুঁকিপূর্ণ না থাকায় সচল রাখা হয়েছে। শুধু শাহজালাল উপশহর এলাকায় জলাবদ্ধতা বেশি থাকার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।’ তিনি বলেন, বন্যার কারণে প্রায় ৬৫ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী মুনতানসীর মজুমদার বলেন, উপকেন্দ্রগুলো উঁচু স্থানে হওয়ায় তেমন সমস্যা হচ্ছে না। তবে শেওলা উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমারের প্রায় এক ফুট নিচে পানি রয়েছে। সে জন্য উপকেন্দ্রটি কিছুটা ঝুঁকিতে আছে। এ ছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর আওতায় লাইনের ক্লিয়ারেন্স কমে যাওয়ায় জকিগঞ্জ, বিয়ানীবাজারের শেওলা ও ফেঞ্চুগঞ্জ এলাকায় ৩০ থেকে ৩৫ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ কিছুটা ব্যাহত হচ্ছে। এ সমস্যা সাময়িক জানিয়ে তিনি বলেন, পানি কমে গেলে বিদ্যুৎ সরবরাহ স্বভাবিক হবে।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর কর্মকর্তা মুসা রহমান বলেন, এই সমিতির আওতায় সাতটি উপজেলা আছে। উপজেলাগুলো হলো সিলেট সদর, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার দুটি উপজেলার আংশিক অংশ। এসব উপজেলায় ১ হাজার ২১৪টি গ্রামে ২ লাখ ৯ হাজার ৪৪৯ গ্রাহক আছেন।

উপকেন্দ্র আছে আটটি। উপকেন্দ্রগুলোর মধ্যে বন্যার পানির কারণে কানাইঘাট উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ এবং সিলেট সদর উপজেলার প্রায় ৪৫ হাজার গ্রাহক লাইন ক্লিয়ারেন্স না থাকায় বিদ্যুৎ সরবরাহ কাট করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি