ইমরান খানের সাবেক স্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভের ডাক

;
  • প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ১০:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের বাড়ির সামনে বিক্ষোভের ডাক দিয়েছে বর্তমান ক্ষমতাসীন দল পিএমএলের (এন) নেতাকর্মীরা। আগামীকাল রবিবার লন্ডনের রিচমন্ডে জেমিমার বাড়ির সামনে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেমিমা।

পিএমএলের (এন) সাবেক মন্ত্রী আবিদ শের আলী একটি পোস্টার টুইট করেছেন।

সেই টুইটে এই বিক্ষোভের কথা বলা হয়েছে। এটা দেখে জেমিমা টুইট করে প্রতিক্রিয়া জানান। ইমরান ও জেমিমা ১৯৯৫ সালে বিয়ে করেন। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই ছেলে রয়েছে।

জেমিমা টুইটারে লিখেছেন, ‘আমার বাড়ির সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। আমার সন্তানদের টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদিবিরোধী প্রচারণা হচ্ছে…মনে হচ্ছে আমি নব্বইয়ের দশকে লাহোরে ফিরে গেছি। ’ তিনি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘পুরানা পাকিস্তান’।

তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ক্ষমতায় যাওয়ার আগে জনগণের ভাগ্য বদলানোর অঙ্গীকার করে ‘নয়া পাকিস্তান’ গড়ার স্লোগান দিয়েছিলেন। আর প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ইমরানের বিরোধীরা বলছেন, ‘পুরানা পাকিস্তানে’ স্বাগতম।

সাবেক মন্ত্রী আবিদ টুইট বার্তায় বলেন, জেমিমার বাড়ির সামনে বিক্ষোভ করা হবে। কারণ পিএমএলের (এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের লন্ডনের অ্যাভেনফিল্ডের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে ইমরানের দল পিটিআইয়ের নেতাকর্মীরা। তার পাল্টা হিসেবে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

নওয়াজ শরিফ পাকিস্তানের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তবে কোনোবারই মেয়াদ শেষ করতে পারেননি। শেষবার ২০১৭ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে প্রধানমন্ত্রিত্ব হারান তিনি। দুবছর কারাভোগের পর আদালত সাজা স্থগিত করলে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। এখনো সেখানেই আছেন নওয়াজ। গত শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারান ইমরান। এরপর নওয়াজের ভাই শাহবাজ শরিফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

সূত্র : জিও নিউজ।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি