আবদুল মুহিতের মরদেহ সিলেটের পথে

;
  • প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ৯:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

জন্মভূমি সিলেটের পথে রয়েছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহবাহী এম্বুলেন্স। রাজধানীতে দুদফা জানাজা ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ২টার দিকে তার মরদেহবাহী এম্বুলেন্স সিলেটের উদ্দেশে রওনা হয়।

এর আগে শনিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় গুলশান আজাদ মসজিদে আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী, প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ড. ইনাম আহমেদ চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হুসাইন, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. ফজলে কবীর, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমেদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মুমেন, সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, সাবেক মুখ্য সচিব আবদুল করিম, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আবদুল মুহিতের বাল্যবন্ধু ও সাবেক সিএসপি অফিসার মোকাম্মেল, এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট একে আজাদ, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজসহ সহ¯্রাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

দুপুর পৌনে ১টার দিকে এই বরেণ্য রাজনীতিবিদের মরদেহ শহীদ মিনারে নেয়া হয়। সেখানে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান খান নূর, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিশিষ্ট নাগরিকসহ নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে বাদ জোহর তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহবাহী এম্বুলেন্স সিলেটের উদ্দেশে রওনা হয়।

এদিকে আগামীকাল (রবিবার) বাদ জোহর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সিলেট শহরের রায়নগরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি