পাকিস্তানে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট শনিবার

;
  • প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২, ৭:৪৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

পাকিস্তানে পার্লামেন্ট ভেঙে দিয়ে অন্তর্বর্তী নির্বাচনের আদেশ খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। পার্লামেন্ট চালুর পাশাপাশি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।

ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব দেশটির ডেপুটি স্পিকার অসাংবিধানিক বলে খারিজ করে দিলেও এবার সেই প্রস্তাবের ভোট নিতে হচ্ছে আগামী শনিবার, যা হওয়ার কথা ছিল সাত দিন আগে।

শনিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে অধিবেশন ডাকতে বলা হয়েছে প্রেসিডেন্ট আরিফ আলভিকে। এমনকি কখন ভোট হবে, তার সময় ঠিক করে দেয়া হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় আয়োজন করতে হবে ভোটের। স্পিকার আসাদ কাসিরকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্ডিয়ালসহ পাঁচ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেয়।

আদালত জানিয়েছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হলে, বিধানসভা নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবে।

এই আদেশে পাকিস্তানের ভঙুর রাজনীতিতে নতুন এক অধ্যায় দেখা গেল। ভেঙে যাওয়া পার্লামেন্টের পুনরুত্থানের বিরল রেকর্ডের মালিক হতে যাচ্ছে দেশটি।

ব্রিটিশ রাজ থেকে স্বাধীনতা পাওয়ার ৭৫ বছরেও কোনো সরকারের পাঁচ বছরের মেয়াদ শেষ করতে না পারার যে অস্বস্তিকর রেকর্ড আছে দেশটিতে, সেটির এবার অবসান হয় কি না, এমন আলোচনা ছিল ইমরানকে নিয়ে।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে অপ্রত্যাশিত সাফল্য পেয়ে ইমরান যখন ক্ষমতায় নিজের অবস্থান পোক্ত করে ফেলেছেন বলে ধারণা করা হচ্ছিল, সেই সময় বিরোধী পক্ষ থেকে এল এমন এক চাল, যা ইমরান খানকে হতবিহ্বল করে দিয়েছে।

জোট সঙ্গী কয়েকজনের পক্ষ ত্যাগ, সবচেয়ে বড় কথা নিজ দলে বিদ্রোহে অনাস্থা ভোটে তার পরাজয় যখন চোখ রাঙাচ্ছে, তখন আবার পার্লামেন্টে আসে এক নজিরবিহীন আদেশ।

ভোটের দিন ৩ এপ্রিল ডেপুটি স্পিকার কাসিম সুরি এই প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ বলে খারিজ করে দেন এই বলে যে, এই প্রস্তাব বিদেশিদের চক্রান্তে আনা হয়েছে। তাই এর ওপর ভোটাভুটি হতে পারে না।

তাহলে ইমরান কি এই যাত্রায় টিকে গেলেন-এই প্রশ্নের মধ্যে বিরোধীদের হট্টগোলের সময় আবার আসে আরেক ঘোষণা, যেটি আরও চমক তৈরি করে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি